সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা গ্রাহকদের আজ সোমবার থেকে টাকা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় অনুযায়ী টাকা দেওয়া হবে।

রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে দেখা গেছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে অর্থের ব্যবস্থা করা হয়েছে। তবে টাকা ছাড়ের আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ আছে কি না, তা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপে যাচাই করা হচ্ছে।

ব্যাংকের কর্মকর্তারা জানান, কোনো গ্রাহকের খেলাপি ঋণ পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর নিয়ম অনুযায়ী তার টাকা তোলার বিষয়ে সিদ্ধান্ত হবে। খেলাপি ঋণ না থাকলে নির্ধারিত নিয়মে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারক করছে।

এদিকে জরুরি প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেও কিছু গ্রাহককে টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে। নয়াপল্টন শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পরিবারের কোনো সদস্য অসুস্থ হওয়া বা অন্য কোনো জরুরি প্রয়োজন থাকলে বিষয়টি বিবেচনা করে যতটা সম্ভব দ্রুত টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর যারা আবেদন করেছেন, আজ তাঁদের টাকা দেওয়া হচ্ছে। ২ ও ৩ সেপ্টেম্বর যাঁরা আবেদন করেছেন, তাঁদের নির্ধারিত সময় অনুযায়ী আরও এক-দুই দিন অপেক্ষা করতে হবে।

বিজয়নগর শাখার ব্যবস্থাপক চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থের ব্যবস্থা করা হয়েছে। বড় অঙ্কের আমানতকারী চাইলে টাকা রেখে দিতে পারেন। প্রয়োজন হলে টাকা উত্তোলন বা আরটিজিএসের (RTGS) মাধ্যমে অর্থ স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা দিয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। ছয় দিনে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করে। আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও কার্যক্রম বাস্তবে শুরু হয়েছে আজ।

ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ব্যাংকটির দায়িত্ব সরকার নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক পুরো কার্যক্রম তদারক করছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে।