স্বদেশ লাইফ এর চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ আইডিআরএ’র প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ স্বদেশ লাইফ এর চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ আইডিআরএ’র নিজস্ব প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা এবং স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সার্কুলার পরিপালন না করায় কোম্পানিটির চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আগামী ৭ দিনের মধ্য কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে বলা হয়েছে, স্বদেশ লাইফের প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীনের বিরুদ্ধে বীমা আইন লঙ্ঘন করে গ্রাহকের প্রিমিয়ামের টাকা আত্মসাৎ, অবৈধ ইনসেনটিভ গ্রহণ, বীমা গ্রাহকদের ভুল বুঝিয়ে মাসিক মুনাফার কথা বলে এফডিআর-এর টাকা ক্যাশ গ্রহণ করে আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ কর্তৃপক্ষ কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে। অপরাধগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় বীমা আইন ২০১০ এর ৫০(১)(খ) ধারায় তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বদেশ লাইফে চাকরি করাসহ ব্যবস্থাপনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ বিরত করে ২০২৩ সালের ৩ আগস্ট আদেশ প্রদান করা হয়। সে প্রেক্ষাপটে তার সিইও হিসেবে নিয়োগ নবায়ন প্রস্তাব ২০২৩ সালের ১৭ আগস্ট কর্তৃপক্ষ কর্তৃক না-মঞ্জুর করা হয়। বর্ণিত আদেশের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার রিভিউ আবেদন ২০২৩ সালের ২২ অক্টোবর না মঞ্জুরক্রমে মো. ইখতিয়ার উদ্দিন শাহীনকে তার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে কোম্পানি গ্রাহকের প্রিমিয়ামের জমাকৃত একত্রিশ লক্ষ একত্রিশ হাজার তিনশ এক টাকা ও অবৈধভাবে ইনসেনটিভ বোনাস হিসেবে গৃহীত একচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশ পাঁচ টাকা কোম্পানির হিসাবে ফেরত প্রদানসহ তার সিইও হিসেবে কর্মকালীন পূর্ণ মেয়াদের ব্যক্তিগত ব্যাংক হিসাব বিবরণী প্রেরণের আদেশ প্রদানের পরও তা পরিপালন না করে কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশকে অবজ্ঞা করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ২০২১ সালের ২৫ মার্চ জারিকৃত সার্কুলার ডিএডি ০৯/২০-২১ এ সকল বীমাকারীর জন্য প্রযোজ্য একই সাংগঠনিক কাঠামো ব্যত্যয় করে ইখতিয়ার উদ্দিন শাহীনকে স্বদেশ লাইফের সাথে প্রত্যক্ষ/পরোক্ষভাবে যুক্ত না থাকার আদেশের পরও অর্গানোগ্রাম বহির্ভূত ‘কনসালটেন্ট’ পদে নিয়োগ করা হয়েছে, যা অপরাধ। এ অবস্থায় বর্ণিত অপরাধসমূহের কারণে কেন আপনার/আপনার কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ আগামী ৭ কার্যদিবসের মধ্যে জানাতে হবে। উল্লেখ্য, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক পদে পদে বীমা আইন লঙ্ঘন করাসহ পেইড-আপ ক্যাপিটালের টাকা আত্মসাৎ করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১৩ জনকে বহিষ্কার করা হয়। বিষয়টি হাইকোর্টে চূড়ান্ত বিচারাধীন রয়েছে। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: