স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫ বিশেষ প্রতিনিধি : স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় আরোপ করা ৫ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকে জরিমানা পরিশোধের তাগিদ দেওয়া হয়। স্মারকে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নং লাইফ ০৩ (খ) /২০১২ সুস্পষ্ট লঙ্ঘন করায় ২০২৩ সালের ১০ মে কোম্পানিকে বীমা আইন, ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির রিভিউ আবেদন পত্রের মাধ্যমে খারিজ করা হয় এবং পূর্বের আদেশ বহাল রেখে জরিমানা পরিশোধ করার জন্য পত্র প্রেরণ করা হয়। কিন্তু কোম্পানি আজ পর্যন্ত জরিমানা পরিশোধ করেনি। এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। SHARES অর্থনীতি বিষয়: