ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলা ও সচল রাখতে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ শর্ত শিথিল হতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব দিতে পারেন। বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব থাকলেও বিপুলসংখ্যক হিসাবধারীর টিআইএন নেই।

ব্যাংকারদের আশঙ্কা, টিআইএন বাধ্যতামূলক করা হলে ব্যাংকিং লেনদেন কমে যেতে পারে। তবে কর বিশেষজ্ঞদের মতে, এতে কর ফাঁকি কমবে এবং আর্থিক লেনদেনের নজরদারি বাড়বে।

এদিকে এনবিআর ব্যাংক, এনআইডি, ইউটিলিটি সেবা ও সাব-রেজিস্ট্রি অফিসের তথ্যভান্ডারের সঙ্গে অনলাইন সংযুক্তির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ১৫০ সিসি বা তার বেশি মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ কর আরোপের বিষয়ও বিবেচনায় রয়েছে।