অনুমোদিত মূলধন বাড়ালো ব্যাংক এশিয়া

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) দ্বিগুণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

একই সঙ্গে মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে।

এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা। অর্থাৎ, ইপিএস কমেছে ৩৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা। ফলে প্রান্তিকভিত্তিক ইপিএস ৫ পয়সা বা প্রায় ৫ শতাংশ কমেছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।