গার্ডিয়ান ৩ স্টেজ প্ল্যান: মেয়াদ শেষের আগেই দুই দফা মিলবে টাকা

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ফারজানা ফারাবী : ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন, আবার প্রয়োজনের সময় মাঝপথেও কিছু টাকা হাতে চান—এমন পলিসি খুঁজছেন অনেকেই। এই দুই প্রয়োজনকে একসঙ্গে বিবেচনায় নিয়ে গার্ডিয়ান ৩ স্টেজ প্ল্যান চালু করেছে গার্ডিয়ান লাইফ। এই পরিকল্পে পলিসির পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই দুই ধাপে বীমা অঙ্কের একটি অংশ পাওয়া যাবে। আর মেয়াদ শেষে মিলবে বাকি অর্থের সঙ্গে অর্জিত বোনাস।

গার্ডিয়ান লাইফের তথ্য অনুযায়ী, পলিসির মেয়াদের এক-তৃতীয়াংশ পূর্ণ হলে বীমা অঙ্কের ২৫ শতাংশ এবং দুই-তৃতীয়াংশ পূর্ণ হলে আরও ২৫ শতাংশ দেওয়া হবে। পুরো মেয়াদ শেষে অবশিষ্ট ৫০ শতাংশ বীমা অঙ্কের সঙ্গে অর্জিত বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

ধরা যাক, কারও বীমা অঙ্ক ১ লাখ টাকা। পলিসির মেয়াদের এক-তৃতীয়াংশ শেষে তিনি পাবেন ২৫ হাজার টাকা। দুই-তৃতীয়াংশ শেষে আরও ২৫ হাজার টাকা। আর মেয়াদ শেষে বাকি ৫০ হাজার টাকার সঙ্গে অর্জিত বোনাস পাওয়ার কথা রয়েছে।

পরিকল্পটিতে তিনটি পৃথক গ্যারান্টিযুক্ত অর্থ পরিশোধ এবং গ্যারান্টিযুক্ত মেয়াদপূর্তি সুবিধার কথা জানিয়েছে গার্ডিয়ান লাইফ।

এই পরিকল্পের কোনো ধাপের অর্থ পাওয়ার পরও বীমা সুরক্ষা বহাল থাকবে। কোম্পানির তথ্য অনুযায়ী, যেকোনো ধাপের অর্থ পাওয়ার পর পলিসিধারীর অকাল মৃত্যু হলে মনোনীত ব্যক্তি সম্পূর্ণ বীমা অঙ্কের সঙ্গে বোনাস পাবেন। অর্থাৎ, পলিসির মেয়াদ চলাকালে নির্ধারিত ধাপে অর্থ পাওয়ার পাশাপাশি মৃত্যুকালীন সুবিধাও রাখা হয়েছে।

গার্ডিয়ান ৩ স্টেজ প্ল্যানে পলিসির মেয়াদ ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ বছর। পলিসি নেওয়ার সময় বয়স হতে হবে ২০ থেকে ৫৩ বছর। পলিসির মেয়াদ শেষে সর্বোচ্চ বয়স হবে ৬৫ বছর। ন্যূনতম বীমা অঙ্ক ১ লাখ টাকা। প্রয়োজন অনুযায়ী এর চেয়ে বেশি অঙ্কের কভারেজ নেওয়া যাবে। প্রিমিয়াম পরিশোধ করা যাবে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক অথবা বার্ষিক ভিত্তিতে।

পলিসি চালুর দুই বছর পর পেইড-আপ ও সমর্পণ মূল্যের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে পলিসির সমর্পণ মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।

মূল পলিসির সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুবিধা বা রাইডার যুক্ত করা যাবে। এর মধ্যে রয়েছে স্থায়ী দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা (PDAB), দুর্ঘটনাজনিত দ্বিগুণ ক্ষতিপূরণ সুবিধা (DIAB), স্বাস্থ্য বীমা (HI) এবং গুরুতর রোগের বীমা (CI)। এ ছাড়া অ্যাপের মাধ্যমে পলিসি ব্যবস্থাপনা, ২৪ ঘণ্টা সহায়তা এবং ৫ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির সুবিধার কথা জানিয়েছে গার্ডিয়ান লাইফ।

পরিকল্পটিতে প্রতি বছর পরিশোধ করা প্রিমিয়ামের ওপর প্রযোজ্য হারে আয়কর রেয়াতের সুবিধা রয়েছে। গার্ডিয়ান লাইফের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি পলিসির মেয়াদ চলাকালে দুই ধাপে অর্থ পাওয়ার সুযোগ এবং মেয়াদ শেষে বাকি অর্থ ও বোনাস পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই পরিকল্পটিতে। এর সঙ্গে রয়েছে মৃত্যুকালীন সুরক্ষা, পলিসি ঋণ এবং অতিরিক্ত সুবিধা যুক্ত করার সুযোগ।