পদত্যাগ করেছেন আইডিআরএ এর সদস্য আবু বকর সিদ্দিক

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে ২২ সেপ্টেম্বর একই বিভাগে পদত্যাগপত্র জমা দেন আইডিআরএর সদস্য (আইন) তানজিনা ইসমাইল।

ফলে নতুন করে চার সদস্য নিয়োগের কয়েক মাসের মধ্যেই আইডিআরএর সদস্য পদে আবারও পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদেরও শিগগির পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগ করলে আইডিআরএর তিনটি সদস্য পদে নতুন করে নিয়োগ দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর আবু বকর সিদ্দিক ও তানজিনা ইসমাইলের পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করা হবে। এরপর নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আবু বকর সিদ্দিক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তানজিনা ইসমাইলও এর আগে পদত্যাগ করেছেন। অর্থমন্ত্রী দেশে ফিরলে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করা হবে। এরপর নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০২৪ সালের ৭ নভেম্বর আইডিআরএর চার সদস্য পদত্যাগ করেন। তাঁরা ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান।

 

এরপর ওই বছরের ২ ডিসেম্বর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আইডিআরএর সদস্য (লাইফ), সদস্য (নন-লাইফ), সদস্য (প্রশাসন) ও সদস্য (আইন) পদে চারজনকে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নিয়োগ পাওয়া চার সদস্যের মধ্যে সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, সদস্য (নন-লাইফ) পদে মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (প্রশাসন) পদে সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল নিয়োগ পান।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর অথবা ৬৭ বছর বয়সের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তাঁদের নিয়োগ বহাল থাকার কথা ছিল।

আবু বকর সিদ্দিক ও তানজিনা ইসমাইলের পদত্যাগ কার্যকর হলে আইডিআরএর সদস্য পদে দুটি শূন্যতা তৈরি হবে। আপেল মাহমুদ পদত্যাগ করলে সেই সংখ্যা বেড়ে তিনটি হবে। ফলে নতুন করে সদস্য নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করতে হবে।