১০ মাসে সোনালী লাইফের ৩৮৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, শতভাগ নিষ্পত্তি প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের প্রথম ১০ মাসে গ্রাহকদের ৩৮৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার ২৪ টাকা বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে কোম্পানিটির কাছে ৪৯ হাজার ১৮৪টি দাবি উত্থাপিত হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রতিবেদন অনুযায়ী, এসব দাবির সব কটিই নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ, দাবি নিষ্পত্তির হার ছিল ১০০ শতাংশ। সোনালী লাইফের ক্লেইম অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের তৈরি ২০২৬ সালের সর্বশেষ মাসিক অনিরীক্ষিত দাবি নিষ্পত্তি প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১০ মাসে পরিশোধিত দাবির সবচেয়ে বড় অংশ ছিল পলিসির মেয়াদপূর্তি বাবদ। এ খাতে ২৩ হাজার ২৭৭ জন গ্রাহককে ২৯২ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৪৫২ টাকা দিয়েছে কোম্পানিটি। মোট দাবি পরিশোধের ৭৬ দশমিক ৪২ শতাংশই ছিল মেয়াদপূর্তি বাবদ। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পরিশোধ করা হয়েছে সারভাইভাল বেনিফিট বা পলিসির নির্ধারিত সময়ের প্রত্যাশিত সুবিধা হিসেবে। এ খাতে ১৭ হাজার ৮৯৮ জন গ্রাহককে দেওয়া হয়েছে ৫১ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৯৫১ টাকা। মোট পরিশোধের ১৩ দশমিক ৫৩ শতাংশ ছিল এ খাতে। এ ছাড়া পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে সমর্পণ করা ৬ হাজার ৮৩৪ জন গ্রাহককে ২৯ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ১৬৫ টাকা পরিশোধ করা হয়েছে। মোট দাবির ৭ দশমিক ৭২ শতাংশ ছিল সমর্পণ মূল্য বাবদ। মৃত্যুদাবি হিসেবে ৫১১ জন বিমাগ্রহীতার পরিবার ও নমিনিকে দেওয়া হয়েছে ৭ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৪৩৩ টাকা। মোট পরিশোধের ১ দশমিক ৯০ শতাংশ ছিল এ খাতে। অন্যদিকে, গ্রুপ বীমা ও অন্যান্য দাবি বাবদ ৬৬৪ জন গ্রাহককে ১ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ২৩ টাকা দিয়েছে কোম্পানিটি। মোট পরিশোধের ০ দশমিক ৪৩ শতাংশ ছিল এ খাতে। মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১০ মাসের মধ্যে একক মাস হিসেবে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করা হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ৫ হাজার ৩৮৩ জন গ্রাহককে মোট ৪৯ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা দিয়েছে সোনালী লাইফ। এর মধ্যে শুধু মেয়াদপূর্তি বাবদ পরিশোধ করা হয়েছে ৪০ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৯২৬ টাকা। দাবি পরিশোধের পরিমাণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল জানুয়ারি। বছরের প্রথম মাসে ৭ হাজার ৬৮টি দাবির বিপরীতে গ্রাহকদের ৪৭ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫৮ টাকা পরিশোধ করা হয়। তবে দাবির সংখ্যা ছিল এ মাসেই সর্বোচ্চ। এ ছাড়া জুনে ৫ হাজার ২৫৯টি দাবির বিপরীতে ৪১ কোটি ৪৫ লাখ টাকা এবং অক্টোবরে ৪ হাজার ৬১৭টি দাবির বিপরীতে ৪০ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধ করেছে কোম্পানিটি। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিটি মাসের শেষে অনিষ্পন্ন দাবির সংখ্যা ছিল শূন্য। অর্থাৎ, কোম্পানিটির হিসাবে প্রতি মাসে উত্থাপিত সব দাবিই ওই মাসের মধ্যে নিষ্পত্তি হয়েছে। তবে দাবির সংখ্যা ও পরিশোধের পরিমাণের পাশাপাশি কত দিনের মধ্যে দাবিগুলো নিষ্পত্তি করা হয়েছে, সে তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। একইভাবে দাবি প্রত্যাখ্যানের কোনো তথ্যও এতে আলাদাভাবে দেওয়া হয়নি। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: