৫০০ কোটি টাকার হিসাবে নিরীক্ষকের আপত্তি, শ্রমিকদের পাওনা ৪ কোটি ৬৫ লাখ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

শ্রমিকদের মুনাফার অংশের অর্থ পরিশোধ করছে না তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। ২০১৮-১৯ অর্থবছর থেকে শ্রমিকদের মুনাফার অংশের কোনো অর্থ জমা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এ খাতে বকেয়া দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা। শুধু শ্রমিকদের পাওনা নয়, কোম্পানিটির প্রায় ৫০০ কোটি টাকার বিভিন্ন হিসাব নিয়েও আপত্তি ও উদ্বেগ জানিয়েছেন নিরীক্ষক।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব অসংগতি ও অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন নিরীক্ষক কে এম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এম বেলায়েত হোসেন। প্রতিবেদনে ৬২ কোটি ৫ লাখ টাকার বন্ড দায়, ৬৯ কোটি ৬০ লাখ টাকার মূলধনি কাজ, ১৫৫ কোটি ৬ লাখ টাকার পাওনা এবং ১৮২ কোটি ৪৭ লাখ টাকার স্থায়ী সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও গুরুতর অনিশ্চয়তা জানিয়েছেন নিরীক্ষক।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্ধারিত অনুপাতে জমা দেওয়ার বিধান রয়েছে। তবে নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছর থেকে গোল্ডেন হার্ভেস্ট এ অর্থ পরিশোধ করেনি। ফলে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির ৬২ কোটি ৫ লাখ টাকার বন্ড দায়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। রাইট শেয়ার ছেড়ে সংগ্রহ করা অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাইট শেয়ারের অবশিষ্ট অর্থ ও এফডিআরের সুদসহ ২২ কোটি ২৭ লাখ টাকা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় জমা ছিল। এর বিপরীতে কোম্পানিটি ১৯ কোটি ৮০ লাখ টাকা ঋণ নেয়। ৩০ জুন পর্যন্ত ঋণের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৮২ লাখ টাকা। পরে ২ আগস্ট ব্যাংকটি এফডিআরের অর্থ সমন্বয় করে ঋণ আদায় করে।

কোম্পানিটির ৬৯ কোটি ৬০ লাখ টাকার মূলধনি কাজের হিসাবও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। আগের অর্থবছরেও একই পরিমাণ অর্থ দেখানো হয়েছিল। এর মধ্যে সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের মূলধনি কাজের পরিমাণ ৩ কোটি ৮২ লাখ টাকা।

পাওনা ও দেনার হিসাবের সঠিকতা নিয়েও সংশয় রয়েছে নিরীক্ষকের। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি বাণিজ্যিক ও অন্যান্য পাওনা দেখিয়েছে ১৫৫ কোটি ৬ লাখ টাকা। অন্যদিকে বিভিন্ন হিসাব ও অন্যান্য দেনা দেখানো হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে হিসাবের সত্যতা নিশ্চিত করতে চিঠি পাঠিয়েও জবাব পাননি নিরীক্ষক। ফলে এসব পাওনা ও দেনার প্রকৃত পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি।

স্থায়ী সম্পদের হিসাবেও দুর্বলতা রয়েছে। কোম্পানিটির স্থায়ী সম্পদের বহনমূল্য ১৮২ কোটি ৪৭ লাখ টাকা। তবে এসব সম্পদের হিসাব সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য ইলেকট্রনিক অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর কাজ এখনো শেষ হয়নি। এ ছাড়া কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে ২৯ কোটি ৪১ লাখ টাকার স্থগিত কর সম্পদ দেখানো হয়েছে।

অবণ্টিত লভ্যাংশের অর্থ নিয়েও নিরীক্ষকের আপত্তি রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির অবণ্টিত লভ্যাংশের পরিমাণ ৫৬ লাখ টাকা। এর মধ্যে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছরের লভ্যাংশ রয়েছে ৪৯ লাখ টাকা। তিন বছরের বেশি সময় ধরে দাবি না করা লভ্যাংশ শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে (সিএমএসএফ) স্থানান্তরের বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের আর্থিক অবস্থা নিয়ে। প্রতিষ্ঠানটির বিপুল পুঞ্জীভূত লোকসান, ঋণাত্মক ইকুইটি, উচ্চ ঋণনির্ভরতা এবং ঋণাত্মক নিট সম্পদমূল্য রয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে গুরুতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সম্পদের মূল্য কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান কিউএসআর লিমিটেডে ৪ কোটি ১১ লাখ টাকা বিনিয়োগের হিসাবও যাচাই করতে পারেননি নিরীক্ষক। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন না পাওয়ায় এ বিনিয়োগের প্রকৃত মূল্য এবং মুনাফা-লোকসানে গোল্ডেন হার্ভেস্টের অংশ নিশ্চিত হওয়া যায়নি। একই ধরনের সমস্যা রয়েছে গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের সহযোগী প্রতিষ্ঠান কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রেও।