২২ ব্যাংকের মূলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়াল প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬ বিশেষ প্রতিনিধি : ব্যাংকিং খাতের মূলধন সংকট আরও গভীর হয়েছে। গত জুন শেষে দেশের ২২ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। একই সময়ে ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিআরএআর) নেমেছে ঋণাত্মক ৩.৮০ শতাংশে। ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতার পাশাপাশি ব্যবসায়ীদের বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে। গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪.১৭ শতাংশে, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। টানা সাত মাস ধরে এ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ২১ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। জুন শেষে ব্যাংকের সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়ানোর পাশাপাশি ঘাটতিও বেড়েছে। বাকি ব্যাংকগুলো মূলধন শর্তের মধ্যে ছিল। ব্যাংকারদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতরণ করা ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বাড়তি প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এতে মুনাফা কমছে, কোনো কোনো ব্যাংক লোকসানে পড়ছে এবং মূলধন ক্ষয় হচ্ছে। ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের একাংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩.৮ শতাংশে নেমেছে। গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একক ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। ব্যাংকটি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। একীভূত হওয়ার পর এটি সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ১৯ হাজার ৭০৭ কোটি, অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি ও বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা। আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৭ হাজার ৪৭৪ কোটি, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি এবং পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি টাকা। গত মার্চ শেষে ব্যাংকিং খাতের সিআরএআর ছিল ঋণাত্মক ৩.১৭ শতাংশ, জুনে তা আরও কমে ঋণাত্মক ৩.৮০ শতাংশ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম ১২.৫ শতাংশ সিআরএআর বজায় রাখতে হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, সংকট কাটাতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, মূলধন পুনর্গঠন, নতুন অর্থের জোগান ও দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি। পাশাপাশি মূলধনের শর্ত পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর মুনাফা বণ্টনে বিধিনিষেধ আরোপ এবং ব্যাংকিং আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: