অক্টোবরে মোবাইল অ্যাপ চালু করবে সিডিবিএল

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চলতি অক্টোবর মাসেই বিনিয়োগকারীদের জন্য মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা করছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। পরীক্ষামূলক পর্যায়ে থাকা অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের তথ্য ও পোর্টফোলিও সরাসরি দেখতে পারবেন। একই সঙ্গে হিসাবের বিভিন্ন লেনদেন ও নোটিফিকেশনও পাওয়া যাবে।

বুধবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মোতালেব। সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সিডিবিএলের এমডি বলেন, নতুন মোবাইল অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি মাসেই এটি আনুষ্ঠানিকভাবে চালুর চেষ্টা চলছে। অ্যাপের মাধ্যমে একজন বিনিয়োগকারী তাঁর বিও হিসাবের বিস্তারিত তথ্য ও পোর্টফোলিও দেখতে পারবেন।

তিনি বলেন, বর্তমানে কোনো বিনিয়োগকারীর হিসাবে ডেবিট বা অন্য কোনো লেনদেন হলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তাঁকে জানানো হয়। একই ধরনের নোটিফিকেশন অ্যাপেও পাওয়া যাবে। এতে বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজে জানতে পারবেন।

বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান মো. আব্দুল মোতালেব। এ জন্য সিডিবিএলের পুরোনো হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবস্থা পরিবর্তন করে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

বিনিয়োগকারীদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেও কাজ করছে সিডিবিএল। এ জন্য ব্রোকার ও ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) সঙ্গে সমন্বয় করে বিও হিসাবের মোবাইল নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে। তথ্য সঠিক থাকলে লভ্যাংশসহ অন্যান্য সুবিধা প্রকৃত বিনিয়োগকারীর কাছে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি জালিয়াতির সুযোগও কমবে।

সিডিবিএলের কার্যক্রম তুলে ধরে এমডি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব রয়েছে। প্রায় ৫৬০টি ডিপির মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারী রয়েছেন। তাঁদের সম্পদ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিডিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।

এ ছাড়া সিডিবিএলের একটি ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট স্থাপনের কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এটি চালু হতে পারে বলে জানান তিনি।

সেমিনারে বিনিয়োগকারীদের অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান সিডিবিএলের এমডি। বিনিয়োগের আগে তথ্য যাচাই, ঝুঁকি বোঝা এবং বিনিয়োগে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দেন তিনি।