আইডিআরএর উদ্যোগে ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহকের ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

পলিসি হোল্ডারদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি, গ্রাহকদের আর্থিক অধিকার নিশ্চিত করা এবং দেশের বীমা খাতের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই ধারাবাহিকতায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীকে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে বীমা দাবির চেক তুলে দেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের বীমা দাবি নিষ্পত্তি করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বীমা দাবি পাওয়ার অপেক্ষায় থাকা গ্রাহকদের একটি বড় অংশ তাদের প্রাপ্য অর্থ হাতে পাওয়ার সুযোগ পেয়েছেন।

চেক বিতরণ করা হয় বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসিধারীদের মধ্যে।

আইডিআরএর উদ্যোগে বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫২৮ জন গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা প্রদান করেছে।

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬২৪ জন গ্রাহকের ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৫০ জন গ্রাহকের ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ২০ জন গ্রাহকের ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা বীমা দাবি পরিশোধ করেছে।

সব মিলিয়ে সাতটি জীবন বীমা কোম্পানির মাধ্যমে ৯৪টি চেকের বিপরীতে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে। পলিসিধারীর স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’’

আইডিআরএ মনে করে, পলিসিধারীদের বীমা দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকদের আর্থিক অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে তেমনি বীমা কোম্পানিগুলোর প্রতি গ্রাহকদের আস্থাও বাড়বে। বিশেষ করে দীর্ঘদিনের অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে এ ধরনের উদ্যোগ বীমা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বীমা খাতে গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং দাবি নিষ্পত্তির ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আইডিআরএর এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ও দ্রুত দাবি পরিশোধের সংস্কৃতি গড়ে উঠলে জীবন বীমার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী হবে এবং দেশের বীমা খাতের সামগ্রিক বিকাশও ত্বরান্বিত হবে।