দুই গ্রাহকের সোয়া ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি তাদের দুই গ্রাহককে মোট ৫ কোটি ২০ লাখ টাকার বেশি বীমা দাবি পরিশোধ করেছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এর মধ্যে ইতালির রোমপ্রবাসী ব্যবসায়ী ও ফেনীর বাসিন্দা নুরুল হুদা পেয়েছেন ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকা। তিনি ন্যাশনাল লাইফে ২ কোটি টাকা ও ২০ লাখ টাকা বীমা অঙ্কের দুটি পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি দুটির মেয়াদ পূর্ণ হওয়ায় এই অর্থ পরিশোধ করা হয়। এর আগে একই পলিসির সারভাইভাল বেনিফিট (এসবি) বাবদ তাকে আরও ১০ লাখ টাকা পরিশোধ করেছিল কোম্পানিটি। একই অনুষ্ঠানে যশোরের ব্যবসায়ী আব্দুল ওহাবের হাতে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকার মেয়াদোত্তর বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। তিনি ৬০ লাখ টাকা বীমা অঙ্কের ১৮ বছর মেয়াদি একটি পলিসি গ্রহণ করেছিলেন। এর আগে ওই পলিসির সারভাইভাল বেনিফিট (এসবি) বাবদ তিনি আরও ৩০ লাখ টাকা পেয়েছেন। অনুষ্ঠানে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি দেশের বীমা খাত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা সম্ভব বলে তিনি মনে করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে বীমা দাবির অর্থ তুলে দিতে পারা কোম্পানির জন্য বড় সাফল্য। এ ধরনের পরিশোধ বীমার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: