বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে| ব্যাংকটির নতুন চেয়ারম্যান অপসারন দাবীতে চলমান লাগাতার আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই সহায়তা চাওযা হলো| দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোমবার (৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কাছে অর্থ সহায়তা চেয়ে এই আবেদন করেছে | ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহার ছুটির পর গত রোববার পর্যন্ত পাঁচ কার্যদিবসে ব্যাংকটিতে জমার তুলনায় প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে| স্বাভাবিক সময়ের তুলনায় এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেশি| চলমান পরিস্থিতির কারণে একাংশ গ্রাহক আমানত তুলে নিচ্ছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা| সূত্রগুলোর ভাষ্য, অতিরিক্ত নগদ উত্তোলনের ফলে ব্যাংকটি আবারও বিধিবদ্ধ নগদ সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে চাপের মুখে পড়েছে| এ অবস্থায় সম্ভাব্য তারল্য সংকট মোকাবিলা এবং গ্রাহকদের চাহিদা নির্বিঘ্নে পূরণের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে| ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকে রাখা চলতি হিসাবে এখনো ব্যাংকটির উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে| তবে সিআরআর ঘাটতির আশঙ্কা এবং গ্রাহকদের নগদ চাহিদা পূরণে বিশেষ সহায়তার আবেদন করা হয়েছে| তিনি বলেন, কিছুদিন আগেও কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকটির চলতি হিসাবে ৭ হাজার ১৫ কোটি টাকার বেশি ছিল| সাম্প্রতিক উত্তোলনের চাপে সেই স্থিতি কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে| সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার পর ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একটি পক্ষ আন্দোলন শুরু করে| গত ১ জুন থেকে চলা কর্মসূচিতে তার নিয়োগ বাতিলের দাবি জানানো হচ্ছে| আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালনকালে খুরশীদ আলম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন| এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছিল বলেও দাবি করা হচ্ছে| SHARES অর্থনীতি বিষয়: