বাংলাদেশ ব্যাংকের পরিপত্র জারি ভিসা বন্ডের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ১২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে অবস্থিত বিদেশী দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, কোনো দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত জমা দেয়া বাধ্যতামূলক হলে সেক্ষেত্রে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে বিদেশে ওই অর্থ পাঠাতে পারবে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ডও ইস্যু করতে পারবে, যেখানে আগাম প্রয়োজনীয় বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের অর্থ জমা রাখা যাবে। এছাড়া যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারাও ভ্রমণ কোটার আওতায় প্রয়োজনীয় অর্থ পুনরায় সেখানে জমা করতে পারবে। তবে শর্ত হলো এ অর্থ কেবল ভিসা-সংক্রান্ত কাজেই ব্যবহার করা যাবে। এছাড়া পরিপত্রে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষ বন্ড বা সিকিউরিটি ডিপোজিট ফেরত দিলে তা দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ব্যাংকগুলোকে পৃথক নিবন্ধন সংরক্ষণ এবং অর্থ ফেরতের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। তবে এ ধরনের অর্থ বিদেশে পাঠানোর আগে আবেদনকারীর ˆবধ পাসপোর্ট, দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদাপত্র ও ইনভয়েসসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভিসা আবেদন-সংক্রান্ত রেফারেন্স বা স্বীকৃতিপত্র সংগ্রহের কথাও বলা হয়েছে সেখানে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ সুবিধা এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব অথবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে গ্রহণ করা যাবে। যেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা নিরাপত্তা আমানত জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে, সেসব দেশে বাংলাদেশী আবেদনকারীদের জন্য নতুন এ সিদ্ধান্ত ভিসা প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SHARES অর্থনীতি বিষয়: