হোমিও চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২৭ বছর ধরে চিকিৎসাসেবায় অর্জিত সুনাম ক্ষুণ্ণ করতে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ‘গণস্বাস্থ্য হোমিও’-এর চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এস. এম. সরওয়ার বলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি ও তার গং এর নেতৃত্বে একটি মহল গত দুই বছর ধরে ‘গণস্বাস্থ্য হোমিও’ এবং তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য প্রচার করে আসছে। এর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের চিকিৎসাসেবার সুনাম নষ্ট করার পাশাপাশি তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ’-এর একটি কাউন্সিল অধিবেশনের প্রায় ৫ লাখ টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি তাঁর ওপর ক্ষুব্ধ হন। পরবর্তীতে তিনি হিসাব না দিয়ে অফিসে আসা বন্ধ করে দেন এবং নিজেকে সভাপতি দাবি করে মনগড়া কমিটি ঘোষণা করেন বলেও অভিযোগ করেন ডা. সরওয়ার।
তিনি আরও অভিযোগ করেন, ওই চক্রের পক্ষ থেকে শাহবাগ থানায় মিথ্যা মামলা দায়ের, ভাড়াটে লোক দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচার এবং বিভিন্ন সরকারি দপ্তরে কাল্পনিক অভিযোগ পাঠানো হয়েছে। এমনকি অপপ্রচার বন্ধ করার বিনিময়ে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

ডা. সরওয়ার বলেন, ওই অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় তাঁকে ‘ভুয়া ডাক্তার’ ও ‘অশিক্ষিত’ হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য হোমিও’ দীর্ঘদিন ধরে বৈধভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে রাজধানীর ১৪ পুরানা পল্টন এবং ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের (লিফটের ১০ ও ১১ তলা) স্থায়ী চেম্বারে নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডা. এস. এম. সরওয়ার অপপ্রচার ও কথিত চাঁদাবাজির তীব্র নিন্দা জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য মূলধারার সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ অনুসন্ধান ও সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি গং এর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।