প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা গ্রহণের অভিযোগ, পল্টন থানায় লিখিত অভিযোগ প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি: প্রতারণার মাধ্যমে কোম্পানি, কোম্পানির চেয়ারম্যান এবং বিভিন্ন ওমরাহ ও হজযাত্রীর কাছ থেকে অর্থ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মোঃ মোসাব্বির রাহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাড্ডা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এম.এ.এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস এন্ড ট্যুরসের পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার ইমরুল হাসান এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত মোসাব্বির রাহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা গ্রহণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, মোসাব্বির রাহমান গত ২৪ জুন ২০২৬ থেকে প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত। চাকরির সুবাদে তিনি কোম্পানির হিসাব-অ্যাকাউন্ট, চেয়ারম্যান এবং কোম্পানির মাধ্যমে পরিচিত বিভিন্ন ওমরাহ ও হজযাত্রীর সঙ্গে যোগাযোগের সুযোগ পান। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অর্থ গ্রহণ করেছেন বলে প্রতিষ্ঠানটি জানতে পারে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে অভিযুক্তের গ্রহণ করা অর্থের পরিমাণ আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। বিষয়টি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বোর্ড ও চেয়ারম্যানের নজরে আসার পর অভিযুক্তকে ভুল সংশোধন এবং গ্রহণ করা অর্থ ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে অভিযোগকারীর দাবি, পরবর্তীতে তিনি ওই সুযোগেরও অপব্যবহার করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোসাব্বির রাহমান স্বজ্ঞানে ও স্বেচ্ছায় একটি হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। সেখানে বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বা কাহিনী উপস্থাপন করে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই অঙ্গীকারনামায় তিনি আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের দায় স্বীকার করে ৭ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ১০ হাজার টাকা এবং অবশিষ্ট ৭০ হাজার টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধের অঙ্গীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, এ ঘটনায় তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাকরির দায়িত্ব পালনের সুযোগ নিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানের প্রতি অর্পিত বিশ্বাসের লঙ্ঘন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযোগকারী পুলিশকে দেওয়া আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা, অর্থের সঠিক পরিমাণ এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের ভূমিকা নিরূপণের অনুরোধ জানিয়েছেন। তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বাক্ষরিত হলফনামা ও অঙ্গীকারনামা, অর্থ লেনদেনের হিসাব ও রেকর্ড, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র পুলিশকে সরবরাহ করা হবে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সঙ্গে অভিযুক্ত মোসাব্বির রাহমানের স্বাক্ষরিত হলফনামা ও অঙ্গীকারনামার অনুলিপি এবং বাদী ও অভিযুক্তের জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করা হয়েছে। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তসাপেক্ষ। প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা গ্রহণের অভিযোগ, পল্টন থানায় লিখিত অভিযোগ News PhotoCard SHARES অন্যান্য বিষয়: