বীমা খাতে আস্থা ফেরাতে আইডিআরএর উদ্যোগ প্রশংসনীয়: কাজিম উদ্দিন প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬ ফারজানা ফারাবী : বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিরের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। তিনি বলেন, যেসব বীমা কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারছে না, সেসব প্রতিষ্ঠানের সম্পদ ও সরকারি ট্রেজারি বন্ডে থাকা অর্থ কাজে লাগিয়ে গ্রাহকদের টাকা পরিশোধের উদ্যোগ ইতিবাচক। বাণিজ্য বার্তার সঙ্গে একান্ত আলাপে তিনি এসব কথা বলেন। মো. কাজিম উদ্দিন বলেন, বর্তমান আইডিআরএ চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। তিনি আসার পর থেকে বেশ বলিষ্ঠ ভূমিকা রাখছেন এবং জোরালো পদক্ষেপ নিচ্ছেন। বিশেষ করে যেসব কোম্পানি গ্রাহকদের টাকা দিতে পারছে না, তাদের সম্পদ বিক্রি করে এবং সরকারি ট্রেজারি বন্ডে থাকা অর্থ কাজে লাগিয়ে টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি ভালো উদ্যোগ। তিনি বলেন, দ্বিতীয় দফায় গ্রাহকদের টাকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের কাছে একটি ইতিবাচক বার্তা যাচ্ছে। তারা বুঝতে পারছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংক খাতের উদাহরণও দেন ন্যাশনাল লাইফের সিইও। তিনি বলেন, কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার পর গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন নেওয়া হয়েছিল। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা গেছে, টাকা নেওয়ার জন্য যত আবেদন করা হয়েছিল, তার অর্ধেকও এখন পর্যন্ত টাকা নিতে আসেননি। তার মতে, এর মধ্য দিয়ে গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে। মো. কাজিম উদ্দিন বলেন, ব্যাংকের ক্ষেত্রেও আমরা এমনটা দেখেছি। টাকা নেওয়ার জন্য যত আবেদন করা হয়েছিল, তার অর্ধেক লোকও এখন টাকা নিচ্ছেন না। অর্থাৎ তাদের মধ্যে আস্থা ফিরে আসছে। এটি একটি ইতিবাচক দিক। বীমা খাতেও একইভাবে আস্থা ফেরানো সম্ভব বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। মো. কাজিম উদ্দিন বলেন, বীমা খাতেও বর্তমানে আইডিআরএ চেয়ারম্যান যে জোরালো ভূমিকা রাখছেন, সেটি প্রশংসনীয়। বিশেষ করে গণমাধ্যমে বিষয়গুলো যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটিও ভালো উদ্যোগ। আমি মনে করি, এটি একটি সাহসী পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা ইনশাআল্লাহ বীমা শিল্পে অনেক দূর এগিয়ে যাব। ধীরে ধীরে এই খাতের আস্থার সংকটও দূর হয়ে যাবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: