যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) যশোর জেলায় বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বীমাগ্রহীতাদের মাঝে দাবি পরিশোধের চেক হস্তান্তরের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব বি. এম. ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকের আস্থা অর্জনের অন্যতম প্রধান উপায় হলো সময়মতো বীমা দাবি পরিশোধ। পপুলার লাইফ সবসময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দাবি নিষ্পত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের গ্রাহকসেবা আরও উন্নত করার পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আঞ্চলিক ও শাখা পর্যায়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বীমা প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শাখার ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বীমা দাবির চেক গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এতে উপস্থিত গ্রাহকরা দ্রুত দাবি নিষ্পত্তির জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।