রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগে নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমেদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে একাধিক নাম আলোচনায় থাকলেও কর্নেল অলি আহমেদ রয়েছেন প্রথম পছন্দের তালিকায়। তিনি প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কর্নেল (অব.) অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার রাজনৈতিক ও সামরিক জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে বিএনপির মধ্যেও তার প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সহানুভূতিশীল একটি অংশ রয়েছে বলে আলোচনা রয়েছে। এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়েও দলটির অভ্যন্তরে বিভিন্ন নাম নিয়ে আলোচনা ও লবিং চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ কয়েকজনের নাম উঠে আসছে। আবার কেউ কেউ বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কোনো সমঝোতা রয়েছে কি না, সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে প্রার্থী করার উদ্যোগকে অনেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, একক প্রার্থী হিসেবে অলি আহমেদ নির্বাচনে থাকলে জোটের ভোটের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে অতিরিক্ত ভোট পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা রয়েছে, জিয়াউর রহমানের সহযোদ্ধা হিসেবে কর্নেল অলি আহমেদের প্রতি বিএনপিপন্থী কিছু সংসদ সদস্যের ব্যক্তিগত শ্রদ্ধা ও সমর্থন রয়েছে। দলীয় অবস্থানের বাইরে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক মূল্যায়ন ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে শক্তিশালী প্রার্থী দেওয়ার উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচনকে নতুন মাত্রা দিতে পারে। সব মিলিয়ে কর্নেল (অব.) অলি আহমেদ প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন আর ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার মতো হবে না—এমন মন্তব্যই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকছেন এবং সংসদ সদস্যদের সমর্থনের সমীকরণ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: