সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৬ ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১২ নেতা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পেয়েছেন সামসুল আলম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার। এছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান পদে সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল) নিয়োগ পেয়েছেন। একইভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন (সিদ্দিকী), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান পদে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে যোগদানের পূর্বেই সেই সম্পর্ক ছিন্ন করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এসব চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: