সাবেক আইজিপি বেনজীর ও এনবিআর’র সদস্য মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বিশেষ প্রতিবেদক :

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ রোববার (১৫ ডিসেম্বর) মামলাগুলো দায়ের করা হয়।
মতিউর রহমান ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মতিউর রহমান ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়েছে।
মামলায় বেনজীরের ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুই কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের কথা বলা হয়েছে।

এছাড়া তার স্ত্রী জীশান মির্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, বেনজীরের মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকা সম্পদ অর্জন করেছেন। আরেক মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর পাঁচ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এদিকে মতিউর রহমান এক কোটি ২৭ লাখ টাকার তথ্য গোপনসহ পাঁচ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী এক কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি দুই কোটি ৭৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।