সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে ১ হাজার কোটি টাকা প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবগুলো বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিকাল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর এসব সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য ছয় মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ১ টাকা ২৯ পয়সা বা ৭৫ শতাংশ। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫২৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ। অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছে ৪৪ পয়সা বা ৩৭ শতাংশ। গত ৩০ জুন সিটি ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: