১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানতের টাকা তুলতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে গভর্নর বলেন, ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এ সময় আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন গভর্নর। বিশেষ করে আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: