৮ নভেম্বর চতুর্থ দফায় পরিশোধ হবে অপরিশোধিত বীমা দাবি

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বীমা দাবি নিষ্পত্তির চলমান উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর চতুর্থ দফায় অপরিশোধিত বীমা দাবির অর্থ পরিশোধ করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বীমা খাতের গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং তাঁদের পাওনা অর্থ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে বীমা দাবির অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা আরও কিছু গ্রাহক তাঁদের প্রাপ্য অর্থ ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইডিআরএর এ উদ্যোগ বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বীমা কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করা এবং অনিষ্পন্ন দাবি নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি তৈরি হবে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে নিয়ন্ত্রক সংস্থাটি বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, দাবি নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনিষ্পন্ন বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দফায় আগামী ৮ নভেম্বর এ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বীমা খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকদের দীর্ঘদিনের পাওনা আদায়ের পথ সুগম হবে, অন্যদিকে বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হবে।