অর্থমন্ত্রীর আইডিআরএ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কর্মসূচি স্থগিত প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ নুরনবী সোহেল: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পূর্বনির্ধারিত সফর ও মতবিনিময় সভা শেষ মুহূর্তে অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক থাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনের সব কর্মসূচি বাতিল করেন অর্থমন্ত্রী। তবে তাঁর সফরকে কেন্দ্র করে আইডিআরএ কার্যালয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টায় আইডিআরএ কার্যালয় পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করার কথা ছিল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। এ উপলক্ষে সকাল থেকেই আইডিআরএ কার্যালয়ে অপেক্ষায় ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। দুপুর সোয়া ১২টার দিকে আইডিআরএর গণমাধ্যম বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়। আইডিআরের গণমাধ্যম পরামর্শক ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি এক খুদে বার্তায় জানান, অর্থমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকায় তাঁর দিনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এ কারণে নির্ধারিত প্রেস মিটও অনুষ্ঠিত হচ্ছে না। এ জন্য তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। আইডিআরএর চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রীর কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কে ঘিরে বীমা খাতে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। নতুন নেতৃত্বে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম, বীমা খাতের দীর্ঘদিনের সমস্যা, সংস্কার উদ্যোগ এবং খাতটির উন্নয়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীর বক্তব্য শুনতে আগ্রহী ছিলেন সংশ্লিষ্টরা। এদিকে নির্ধারিত কর্মসূচি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এবং প্রধান সম্পাদক, ব্যাংক বীমা অর্থ নিউজ এম হোসাইন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি সচিব এবং Desh Journal-এর সম্পাদক ও প্রকাশক নুরনবী সোহেল, মহানগর কোর কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ মনিরুল ইসলাম, মহানগর কোর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অর্থবাংলার সম্পাদক ও প্রকাশক জিনান মাহমুদ, মহানগর কোর কমিটির অর্থ সম্পাদক ও সমতল টাইমসের স্টাফ রিপোর্টার আহসান উল্লাহ খান, মহানগর কোর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও ব্যাংকবীমা অর্থ নিউজ.বিডির স্টাফ রিপোর্টার নুসরাত সিনজিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সংবাদ প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মসূচি স্থগিত হলেও উপস্থিত সাংবাদিকদের মধ্যে বীমা খাতের উন্নয়ন ও সংস্কার নিয়ে মন্ত্রীর সম্ভাব্য বক্তব্য শোনার আগ্রহ ছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, সুবিধাজনক সময়ে অর্থমন্ত্রীর আইডিআরএ সফর ও মতবিনিময় অনুষ্ঠিত হলে বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ, সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: