ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড এর প্রতিবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে Istanbul Hotel & Resort Limited সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ একপাক্ষিক, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। সংবাদ প্রকাশের পূর্বে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই না করেই মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অপেশাদার আচরণের পরিচয় বহন করে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, Istanbul Hotel & Resort Limited সর্বদা আইন, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন হচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা, শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন এবং আগামী দুএক দিনের মধ্যেই দেশে ফিরবেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ধৈর্য ধারণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া উচিত ছিল। অথচ আংশিক তথ্যের ভিত্তিতে তড়িঘড়ি করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হয়।

এছাড়াও শেয়ার সংক্রান্ত যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সেখানে বাস্তব চিত্র সঠিকভাবে প্রতিফলিত হয়নি।
সাধারণভাবে শেয়ার বিক্রয় মানেই শতভাগ অর্থ এককালীনভাবে প্রতিষ্ঠানে জমা হয় না। আমাদের প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে শেয়ার বুকিং গ্রহণ করা হয় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যেন সকল শেয়ারের পূর্ণ অর্থ একসাথে আদায় হয়ে গেছে, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমরা আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই যে, প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্যে আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র প্রতিষ্ঠানের অফিসিয়াল বক্তব্যের উপর আস্থা রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেশে ফিরে খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য, প্রমাণাদি ও প্রকৃত অবস্থা জাতির সামনে তুলে ধরবেন। একইসাথে এ ধরনের মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
— পরিচালনা পরিষদ
Istanbul Hotel & Resort