প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব: ডিবিএ প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, শেয়ারবাজার উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে গৃহীত সংস্কারমূলক উদ্যোগগুলো সময়োপযোগী ও আশাব্যঞ্জক। গতকাল শনিবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সাইফুল ইসলাম বললেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক শেয়ারবাজার গড়ে তোলার যে অঙ্গীকার এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। তার দাবি, বাজেট বক্তৃতায় শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট নীতিগত ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে বাজারের নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ বেশ ইতিবাচক। ডিবিএ প্রেসিডেন্ট আরও বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুক উন্নয়নে অগ্রাধিকার প্রদান এবং যোগ্য কোম্পানির তালিকাভুক্তি সহজতর করার উদ্যোগ বাড়াবে শেয়ারবাজারের লেনদেন। তার মতে, তথ্য প্রকাশ ও রিপোর্টিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করা, মিউনিসিপ্যাল বন্ড চালুর উদ্যোগ এবং ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি-ভিত্তিক অর্থায়ন সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত বাজারের জন্য তৈরি করবে নতুন সম্ভাবনা। ডিবিএ সভাপতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে দেশের শেয়ারবাজার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তবে বাজেটে ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত হবে। তার প্রত্যাশা, সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজার একটি আধুনিক, গভীরতা-সম্পন্ন ও আস্থাভিত্তিক বাজারে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে রাখবে আরও কার্যকর ভূমিকা। SHARES অর্থনীতি বিষয়: