আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রম টেকাতে ৩০ কোটি দিরহাম দিচ্ছে সরকার প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম মূলধন জোগানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বুধবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে সমপরিমাণ ৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ১০৪ মার্কিন ডলার দেশটিতে পাঠাতে জনতা ব্যাংককে নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের পৃথক চিঠিতে মূলধন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, জনতা ব্যাংক পিএলসির ইউএই কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুযায়ী অর্থ পাঠানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হলো। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্পদের সংরক্ষিত উপখাত থেকে এই অর্থ পাঠানো হবে। এর আগে প্রয়োজনীয় পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় ইউএই-এর কেন্দ্রীয় ব্যাংক জনতা ব্যাংকের শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল-আইনে থাকা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকটির চারটি শাখায় সেবা প্রদান অব্যাহত থাকবে। ১৯৭৬ সাল থেকে দেশটিতে সেবা দিয়ে আসা এই শাখাগুলো ইউএই প্রবাসীদের লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ইউএই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী জনতা ব্যাংকের মূলধন থাকার কথা ৪০ কোটি দিরহাম। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ১০ কোটি দিরহাম। অর্থাৎ ঘাটতি ৩০ কোটি দিরহাম। মূলধন বাড়ানোসহ নানা শর্ত লঙ্ঘনের কারণে জনতা ব্যাংককে চলতি বছরের শুরু থেকেই একাধিক দফায় সতর্কবার্তা পাঠায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সময় বেঁধে দিয়ে শাখাগুলো গুটিয়ে নেওয়া, সেবা প্রদান বন্ধ এবং প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকের হিসাব থেকে অর্থ উত্তোলনেও সীমাবদ্ধতা আরোপ করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: