নতুন তথ্যমন্ত্রীকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতের প্রত্যাশা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে এ শুভেচ্ছা জানানো হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন জানান। একই সঙ্গে তার দায়িত্বকালীন সময়ে দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে মুহাম্মদ মনজুর হোসেন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত অধিকার, সংবাদকর্মীদের নিরাপত্তা এবং গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের সঙ্গে এ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। ফলে নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে নানা ধরনের অসংগতি, পেশাগত অনিশ্চয়তা ও সাংবাদিকদের নানাবিধ সমস্যা বিদ্যমান রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নবনিযুক্ত মন্ত্রী কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখবেন—এটাই সাংবাদিক সমাজের প্রত্যাশা।

জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব আরও বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনস্বার্থ, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সাংবাদিকবান্ধব ও গণমাধ্যমবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে জাতীয় সাংবাদিক সংস্থা আশাবাদী।

তিনি বলেন, দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের পেশাগত অধিকার, চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর স্বাধীন ও দায়িত্বশীলভাবে পরিচালনা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। নতুন মন্ত্রীর উদ্যোগে এসব বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমরা প্রত্যাশা করি।

বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থা নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করে। একই সঙ্গে দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করতে মন্ত্রণালয়ের যেকোনো ইতিবাচক উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা আশা প্রকাশ করে, নতুন দায়িত্বে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কার্যকর নেতৃত্বে দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।