ফের বাধ্যতামূলক যানবাহনের বীমা প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : যানবাহনের বীমা ফের বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (১৩ই মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিল এবং এর অধীনে ১৫৫ ধারায় দণ্ডের বিধানও ছিল। তবে সড়ক পরিবহন আইন ২০১৮-তে তৃতীয়পক্ষের বীমা তুলে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনের বীমা ছেড়ে দেওয়া হয় মালিকের ইচ্ছার ওপর। অর্থাৎ একজন ইচ্ছা করলে তার যানবাহনের বীমা করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। এ বিষয়ে ২০২০ সালের অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর পর ওই বছরের ডিসেম্বরে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা তুলে দেয় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর পর থেকেই মূলত মালিকরা পরিবহনের বীমা করা প্রায় বন্ধ করে দেন। বর্তমানে যেসব পরিবহন চলাচল করছে তার সিংহভাগেরই কোনো বীমা নেই। বিশেষ করে বীমা ছাড়াই চলাচল করছে মোটরসাইকেল। তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা তুলে দেওয়ার পর যানবাহনের বীমা বাধ্যতামূলক করার দাবি জানান বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সে বাধ্যতামূলক করার সুযোগ না থাকায় বিকল্প পথ খুঁজতে থাকেন বীমা সংশ্লিষ্টরা। এ নিয়ে বীমা মালিকদের অংশগ্রহণে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। সেখানে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমার আদলে নতুন একটি বীমা প্রোডাক্ট চালুর বিষয়ে আলোচনা হয়। তবে এখনও সেই বীমা প্রোডাক্ট চূড়ান্ত হয়নি। এর মধ্যেই ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়া নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মোটরযান মালিককে বীমা করতে হবে বলে একটি ধারা যোগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী মোটরযান মালিককে যথা নিয়মে বীমা করতে হবে। বীমা না করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে। SHARES অর্থ নিউজ বিষয়: