বাংলা কিউআরে লেনদেনে বাড়তি ফি নেই: অর্থমন্ত্রী প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো বাড়তি ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে ধীরে ধীরে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পরে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পন্ন করা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে। ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ধীরে ধীরে এ সেবার আওতায় আনা হবে। তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক কিংবা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা গ্রহণ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন হবে আরও সহজ ও দ্রুত। অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে এরই মধ্যে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ চর্চাকে দেশে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে। এদিকে দেশে বাংলা কিউআরভিত্তিক লেনদেন দ্রুত বাড়ছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত জুনে দেশে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো। এসব লেনদেনের দৈনিক গড় আর্থিক মূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর লেনদেন হচ্ছে। এসব লেনদেনের দৈনিক গড় মূল্য দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বাংলা কিউআর ব্যবহারে আরও কিছু সুবিধা যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীর হিসাবে তাৎক্ষণিক টাকা জমা, সেবা ব্যবহারের খরচ কমানো এবং ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা। আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সরাসরি লেনদেনের সুবিধাও চালুর কথা রয়েছে। অর্থমন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: