বিশ্ববাজারে তেলের দাম ফের ১০০ ডলারের কাছে প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরানের নতুন দফায় হামলার পর বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম এক ডলারের বেশি বেড়েছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বাড়লো। নতুন বৃদ্ধির ফলে ব্যারেলপ্রতি তেলের দাম হয়েছে প্রায় ১০০ ডলার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৯৯ দশমিক ৪৯ ডলারে বিক্রি হয়। আগের দিনের তুলনায় এই দর ১ দশমিক ৬ শতাংশ বা ১ দশমিক ৫৭ ডলার বেশি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সপ্তাহ থেকে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে এতে করে ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ফিকে এসেছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি মার্কিন ডেস্ট্রয়ার এবং জর্ডানের আল-আজরাকে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা চালানো হলে যুক্তরাষ্ট্র ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে। কলম্বিয়া সফরে সাংবাদিকদের রুবিও বলেন, “ইরান মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যতবার এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তারা তেলবাহী ট্যাংকার হারাবে।” News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: