বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃগ্রাহকদের ৭ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। একই সঙ্গে প্রিমিয়াম সংগ্রহে সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি।

 বুধবার (১৯ আগস্ট) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভার আয়োজন করা হয়।

ন্যাশনাল লাইফের ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জোনের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং যথাসময়ে বীমা দাবি পরিশোধকে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সততা, ন্যায়নিষ্ঠতা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সিইও মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গত ৪২ বছর ধরে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ ব্যাংক, বীমা খাত এবং সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়।

তিনি আরও বলেন, বীমা ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কর, ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি বাবদ সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করছে ন্যাশনাল লাইফ।

অনুষ্ঠানে বীমা দাবি পরিশোধের পাশাপাশি প্রিমিয়াম সংগ্রহে সাফল্য অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মকর্তাদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।