বেতন ৬০ হাজার, সম্পদ কোটি টাকার—এনবিআর কর্মকর্তা রুহুল আমিনকে ঘিরে অভিযোগ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক বাস্তবায়ন, সেবা ও পণ্য শাখার প্রথম সচিব রুহুল আমিনকে ঘিরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সরকারি চাকরিজীবী হিসেবে তার বেতন ও ঘোষিত আয়ের তুলনায় দৃশ্যমান সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার ও তার পরিবারের নামে একাধিক ফ্ল্যাট, জমি এবং অন্যান্য স্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় তার নামে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়া ঢাকার উপকণ্ঠ এবং উত্তরাঞ্চলের একটি জেলায় তার নামে একাধিক জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তার স্ত্রীর নামেও উল্লেখযোগ্য পরিমাণ জমি রয়েছে। পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামী-স্ত্রীর যৌথ নামে প্রায় ১৪ শতক জমির দুটি প্লটে অংশীদারিত্বের তথ্য পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাস্টমস-সংশ্লিষ্ট কিছু সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং এনবিআরের অভ্যন্তরীণ নজরদারি সংস্থার তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে রুহুল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া খুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, উল্লিখিত সব তথ্য ও অভিযোগের স্বাধীন সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।