লাইফ কোম্পানির ২০২৪ সালের ব্যবসা সমাপনী হিসাব ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) সকল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০২৪ সালের ব্যবসা সমাপনী হিসাব আগামী ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে। এ সঙ্গে বিগত ১০ বছরের বীমাও তথ্য জমা দিতে বলেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নির্ধারিত ফরমে এ সময়ের মধ্যে বীমা কর্তৃপক্ষে এসব তথ্য দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে বীমা আইন- ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরডিআরএ’র পরিচালক (লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র বীমা কোম্পানিগুলোর এমডিদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক লাইফ বীমা কোম্পানিসমূহ এবং করপোরেশনের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ব্যবসার হিসাব সমাপন করে সংযুক্ত ছক (বীমা ব্যবসার সমাপনী প্রতিবেদন, পত্রের সাথে সংযুক্ত ফরম (এ, বি ও সি) অনুযায়ী উপাত্ত দ্বারা প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিএফও কর্তৃক সত্যায়িত করে ৪ সেট নথি আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্রে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে প্রদর্শিত ১ম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে হতে হবে এবং ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পর প্রদর্শিত ব্যাংক জমা ২০২৫ সালের ব্যবসা হিসেবে গণ্য হবে।

এক্ষেত্রে প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের বিপরীতে কালেকশন ইন হ্যান্ড/ ক্যাশ ইন ট্রানজিট/ কালেকশন কন্ট্রোল এ্যাকাউন্ট/ ব্রাঞ্চ কন্ট্রোল এ্যাকাউন্ট শিরোনামে কোন অর্থ প্রদর্শন করা যাবে না। এ ছাড়াও ব্যবসায় সমাপনী বিবরণীতে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম শিরোনামে (নবায়ন প্রিমিয়ামের বিপরীতে প্রদর্শন করা হয়) প্রদর্শিত অর্থের যে অংশ উক্ত বিবরণী দাখিলের পর হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আদায় হবে মর্মে প্রতীয়মান হয় তা কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক ২০২৪ সহ বিগত ১০ বছরের তথ্যাদি দ্বারা কী ফিনান্সিয়াল ইন্ডিকেটরস এবং স্টেটমেন্ট অব দ্যা রিকনসিলিয়েশন সংক্রান্ত বিবরণী সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।