১৫ বছরে আইডিআরএতে ছয় চেয়ারম্যান, তিনজনের আগাম বিদায় প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : ২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পাঁচজন। এর মধ্যে দুজন চেয়ারম্যান পূর্ণ মেয়াদ শেষ করলেও পরবর্তী তিনজন নির্ধারিত মেয়াদ সম্পন্ন করতে পারেননি। প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ। পেশায় অ্যাকচুয়ারি শেফাক আহমেদ টানা দুই মেয়াদে মোট ছয় বছর সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শফিকুর রহমান পাটোয়ারী। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক এই সচিব তিন বছরের পূর্ণ মেয়াদ শেষ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বেসরকারি খাতের প্রতিনিধি এম মোশাররফ হোসেন। ২০২০ সালের জুনে তিন বছরের জন্য নিয়োগ পেলেও প্রায় পৌনে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। ২০২২ সালের জুনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ জয়নুল বারী। সাবেক পরিকল্পনা সচিব জয়নুল বারী ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তাকে পদত্যাগ করতে বলা হয়। তার স্থলাভিষিক্ত হন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলম। ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের মার্চ পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে গত মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) তিন বছরের জন্য মীর নাদিয়া নিভিন-কে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান। মীর নাদিয়া নিভিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নিভিন অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সময়ে তিনি এ দায়িত্বে ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: