৯০ দিনে বাংলা কিউআর লেনদেন বেড়েছে ৫ গুণ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। গত ৯০ দিনে এ পদ্ধতিতে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় পাঁচ গুণ বেড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকায় উঠেছে। একই সময়ে দৈনিক লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর ব্যবহারে মার্চেন্টদের খরচ কমানো ও লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে এসব সুবিধা কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় পেমেন্ট সিস্টেম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরিফ হোসেন খান বলেন, গত জুনে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে এক লাখ লেনদেন হতো। তখন এর আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে দৈনিক লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিন লাখ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকেরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট প্রতিষ্ঠানে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।
নগদবিহীন লেনদেন বাড়াতে গত ১ জুলাই থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআরের পরিবর্তে সর্বজনীন বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্চেন্টদের খরচ কমবে

১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে মার্চেন্টদের জন্য নতুন সুবিধা চালু হচ্ছে। এর আওতায় কিউআরের মাধ্যমে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা হবে।

এ ছাড়া অ্যাকোয়ারার প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়া হয়েছে। ইস্যুইং প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ ফি (আইআরএফ) নির্ধারণ করা হয়েছে শূন্য।

বাংলাদেশ ব্যাংক বলছে, এতে মার্চেন্টদের লেনদেনের খরচ কমবে। ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোও বিনা খরচে বা কম খরচে এ সেবা দিতে পারবে।

এ ছাড়া মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর লেনদেনের বিপরীতে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুইং প্রতিষ্ঠানকে ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

নভেম্বর থেকে পিটুপি লেনদেন

বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়াতে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) লেনদেন চালু হবে। এ ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের কিউআর কোড স্ক্যান করে আন্তঃপ্রতিষ্ঠান অর্থ স্থানান্তর করতে পারবেন। অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করেও এ লেনদেন করা যাবে।

লেনদেন ব্যর্থ হলে দ্রুত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া লেনদেনসংক্রান্ত অভিযোগ ও বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য গত ২৭ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করা হয়েছে।

বাংলা কিউআর লেনদেন নিয়ে অভিযোগ থাকলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের হটলাইন ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।