পূবালী ব্যাংকের লভ্যাংশে পরিবর্তন প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশকাঠামোয় পরিবর্তন এনেছে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নগদ লভ্যাংশ কমিয়ে স্টক বা বোনাস লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ১৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় মোট ছয়টি এজেন্ডা উপস্থাপন করা হয়, যার মধ্যে একটি ছিল বিশেষ এজেন্ডা। সব প্রস্তাবই শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এজিএমের এজেন্ডা নম্বর দুইয়ের আওতায়— ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী লভ্যাংশ ঘোষণার প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হয়। শেয়ারহোল্ডারদের প্রস্তাব ও সমর্থনের পর লভ্যাংশ প্রদানের কাঠামোয় আনুষ্ঠানিক সংশোধন আনা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভায় ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণার সুপারিশ করা হয়েছিল। তবে এজিএমে শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী সেই সুপারিশে পরিবর্তন আনা হয়। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পূবালি ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) প্রদান করবে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, লভ্যাংশকাঠামোর এই পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: