নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা কমিয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালকদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে অধিকাংশ আবেদন, প্রতিবেদন ও দাপ্তরিক নথি এখন থেকে সরাসরি সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকের কাছে জমা দেওয়া যাবে।

সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০(এ) ধারার ক্ষমতাবলে পুঁজিবাজার-সংশ্লিষ্ট অধিকাংশ আবেদন, প্রতিবেদন, বিবরণী, চিঠিপত্র এবং অন্যান্য নিয়মিত ও অনিয়মিত নথি সংশ্লিষ্ট বিভাগের প্রধান তথা নির্বাহী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে দাখিল করতে হবে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিষয় দ্রুত, দক্ষ ও স্বচ্ছভাবে নিষ্পত্তির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতদিন স্ব-নিয়ন্ত্রক সংস্থা (এসআরও), তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত সিকিউরিটিজের ইস্যুয়ার, নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী এবং অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদন, প্রতিবেদন ও চিঠিপত্র প্রথমে চেয়ারম্যান বা কোনো কমিশনারের দপ্তরে জমা দেওয়া হতো। পরে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হতো। এই প্রক্রিয়ায় নথি গ্রহণ ও স্থানান্তরের কারণে অপ্রয়োজনীয় সময় ব্যয় হতো।

নতুন ব্যবস্থায় সেই অতিরিক্ত প্রশাসনিক ধাপ বাদ পড়বে। ফলে সংশ্লিষ্ট বিভাগ সরাসরি নথি গ্রহণ করে দ্রুত যাচাই-বাছাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে মনে করছে কমিশন।

তবে সব ধরনের আবেদন বা নথি নির্বাহী পরিচালকের মাধ্যমে দাখিল করা যাবে না। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পাঁচ ধরনের বিষয় আগের মতোই সরাসরি চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অভিযোগ, তথ্যদাতার দেওয়া তথ্য বা অভিযোগ, কমিশনের নির্দেশে পরিচালিত অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন, বিশেষ নিরীক্ষা প্রতিবেদন এবং কমিশন বিশেষভাবে নির্ধারিত অন্যান্য বিষয়।

এ ছাড়া কমিশনের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে জমা দেওয়ার সুযোগ রয়েছে এমন আবেদন, প্রতিবেদন ও অভিযোগ অনলাইনেই দাখিল করতে হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে বিএসইসির অভ্যন্তরীণ কার্যক্রমে গতি আসবে। বিভাগীয় পর্যায়ে দায়িত্ব ও জবাবদিহিতা বাড়বে এবং বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াও আরও সহজ ও কার্যকর হবে।