সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইই কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট)। এ ছাড়া তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউর পাঠানো নির্দিষ্ট এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। লেনদেনসংক্রান্ত তথ্য চাওয়ার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে ই-মেইলে উল্লেখ করেছে বিএফআইইউ। একই সঙ্গে চাওয়া তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। ওই ঘটনার পর তাঁর বক্তব্য ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা যায়। এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এ বক্তব্যের পরিবর্তন নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিদের আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। তবে বিএফআইইউ কেন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে, সে বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: