দুর্বল ৬টি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

অর্থনিউজ প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক দুর্বল ৬টি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবে গ্রাহকরা। প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্যেই এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের।

আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা একদিকে তারল্য দেবো, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেবো। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে।