প্রোটেক্টিভ লাইফ এর ভ্যালুয়েশন রিপোর্ট জমায় বিলম্বে আড়াই কোটি টাকা জরিমানা আইডিআরএ’র প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ বিশেষ প্রতিনিধিঃ ২০১৩ সাল থেকে ২০১৭ সাল এবং ২০১৯ সালের দায়মূল্যায়ন প্রতিবেদন যথা সময়ে দাখিল না করায় দেশের চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ২ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সম্প্রতি অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১৮১তম সভায় জরিমানার এই সিদ্ধান্ত হয়। গত ১৩ মার্চ এক স্মারকের মাধ্যমে কোম্পানিকে জরিমানার কথা জানানো হয়। ১৮২ ও ১৮৩তম সভায় আইডিআরএ সিদ্ধান্ত নেয়, কোম্পানি জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত তদারকি অব্যাহত রাখা হবে। আইডিআরএ জানায়, প্রোটেক্টিভ লাইফকে আরোপিত জরিমানা পরিশোধে এর আগে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জবাবও দেওয়া হয়েছে। আইডিআরএ’র লাইফ অনুবিভাগের এক নথিতে বলা হয়েছে, প্রোটেক্টিভ ইসলামী লাইফ কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় জরিমানা রিভিউয়ের আবেদন নামঞ্জুর করা হলো এবং ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়মূল্যায়ন প্রতিবেদন যথাসময়ে কর্তৃপক্ষে দাখিল না করার কারণে ২ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং যথাসময়ে ২০১৯ সালের দায়মূলায়ন প্রতিবেদন দাখিল না করায় ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা বহাল রাখা হলো। খোঁজ নিয়ে জানা গেছে, ১০১৩ সালে ব্যবসা শুরু করা জীবন বীমা প্রতিষ্ঠান প্রোটেক্টিভ লাইফের পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা। ব্যবসা শুরুর একযুগ পার হলেও কোম্পানিটি এখন পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারেনি। এ জন্যও নিয়মিত জরিমানা গুনতে হচ্ছে। এ অবস্থায় দায়মূল্যায়ন প্রতিবেদন জমা না দেওয়ায় দফায় দফায় জরিমানা কোম্পানির আর্থিক ভিতকে যেমন নড়বড়ে করছে অন্যদিকে গ্রাহকের কষ্টার্জিত অর্থের অপচয় হচ্ছে। এতে গ্রাহকের টাকা যথাসময়ে ফেরত পাওয়া নিয়েও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। SHARES আইডিআরএ বিষয়: