বিনিয়োগকারীর আস্থা ফেরাতে পুঁজিবাজার ও বীমা খাতের সমন্বিত উন্নয়ন জরুরি প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ বিনিয়োগকারীদের শিক্ষা, সচেতনতা ও সুরক্ষা জোরদার করার বৈশ্বিক উদ্যোগ ‘World Investor Week 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বীমা খাতের গুরুত্ব তুলে ধরেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, একটি শক্তিশালী, আস্থাভিত্তিক ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পুঁজিবাজার ও বীমা খাতের সমন্বিত উন্নয়ন অপরিহার্য। রোববার (৪ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত World Investor Week 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। এবারের World Investor Week-এর প্রতিপাদ্য—“Investor Resilience, Digital Deception and Scam Alert”। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগ-সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, ডিজিটাল প্রতারণা ও অনলাইনভিত্তিক বিনিয়োগ জালিয়াতি থেকে সুরক্ষা এবং দায়িত্বশীল বিনিয়োগ আচরণ গড়ে তোলাই এবারের কর্মসূচির অন্যতম লক্ষ্য। বাংলাদেশে সপ্তাহব্যাপী এ কর্মসূচি ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে মীর নাদিয়া নিভিন বিনিয়োগকারীদের সুরক্ষা, আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বীমা খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে—বীমা শুধু ঝুঁকি ব্যবস্থাপনার একটি আর্থিক উপকরণ নয়; বরং দীর্ঘমেয়াদি সঞ্চয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতা তৈরিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর সংগৃহীত দীর্ঘমেয়াদি তহবিল সঠিক নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগ সুশাসনের আওতায় উৎপাদনশীল খাতে প্রবাহিত হলে তা দেশের আর্থিক বাজারকে আরও গভীর ও স্থিতিশীল করতে পারে। এ ক্ষেত্রে বীমা খাত ও পুঁজিবাজারের মধ্যে কার্যকর সমন্বয় দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়াতে পারে। World Investor Week-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজার সংস্কার ও বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের বিষয়টিও গুরুত্ব পায়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানান, বাজারকে আরও স্বচ্ছ, দক্ষ ও বিনিয়োগবান্ধব করতে নিয়ন্ত্রক সংস্কার, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং নতুন আর্থিক উপকরণ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বন্ড মার্কেট সম্প্রসারণে বীমা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্ভাব্য ভূমিকার কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে বীমা ও পেনশন খাতের দীর্ঘমেয়াদি তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইডিআরএ এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তাঁর মতে, একই প্রতিষ্ঠান একাধিক নিয়ন্ত্রক সংস্থার আওতায় থাকায় বিচ্ছিন্নভাবে কাজ করার পরিবর্তে নিয়ন্ত্রকদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পুঁজিবাজারকে পুনর্গঠন ও শক্তিশালী করতে সুশাসন এবং বাজারসংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা বৃদ্ধির জন্য International Organization of Securities Commissions (IOSCO) World Investor Week আয়োজন করে। এর লক্ষ্য হলো বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করা, প্রতারণা ও বিনিয়োগঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং আর্থিক বাজারে আস্থা ও স্থিতিশীলতা জোরদার করা। বাংলাদেশে বিএসইসি এ আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে বিনিয়োগকারীর আস্থা টেকসইভাবে ফিরিয়ে আনতে শুধু বাজারের লেনদেন বাড়ানোই যথেষ্ট নয়। প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীর অধিকার সুরক্ষার নিশ্চয়তা। একই সঙ্গে বীমা, ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক খাতের মধ্যে সমন্বিত নীতিগত কাঠামো গড়ে তোলা গেলে দেশের আর্থিক ব্যবস্থার সক্ষমতা আরও বাড়তে পারে। World Investor Week 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের অংশগ্রহণ তাই পুঁজিবাজার ও বীমা খাতের পারস্পরিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: