অনিয়মের অভিযোগ আইডিআরএ’র এক কর্মকর্তার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) উপ-পরিচালক দেলোয়ার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়মও দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। আইডিআরএর পরিচালক (প্রশাসন) ও উপ সচিব মো: বদিউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটিতে আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী পরিচালক (প্রশাসন) মিজ মনিরা বেগম ও পরিচালক (আইন) বিশ্বজিত কুমার পাল। তদন্ত কমিটিকে চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একটি গণমাধ্যমে ‘হত্যা মামলার আসামি নিয়ে আইডিআরএ কর্মকর্তার সিন্ডিকেট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অর্থ মন্ত্রণালয়, আইডিআরএ এবং পুরো বীমা খাতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও সামনে আসতে শুরু করে। বিষয়টি নজরে আসার পর আইডিআরএ খবরের সত্যতা যাচাইয়ের জন্য এই কমিটি গঠন করে। কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, গত ১ মে আইডিআরএর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে এসব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন জনৈক খোরশেদ আলম সীমান্ত নামের এক ব্যক্তি। অভিযোগটির অনুলিপি অর্থ মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়।
অভিযোগ পত্রে বলা হয়, উপ-পরিচালক দেলোয়ার হোসেন ভূঁইয়া সরকারি ক্রয়বিধি (পিপিআর) সম্পূর্ণ লঙ্ঘন করে কোনো ধরনের দরপত্র (টেন্ডার) আহ্বান ছাড়াই আইডিআরএ কার্যালয়ের জন্য প্রায় ৪ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ের কাজ দেন। এই কাজ পান তার আপন শ্যালক নাসের নেওয়াজ। প্রকাশ্য এই জালিয়াতিকে সরাসরি রাষ্ট্রীয় বা অর্থ আত্মসাৎ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও সীমান্ত অভিযোগ করেন, বীমা খাতের সবচেয়ে সংবেদনশীল জায়গা—ক্ষতিপূরণ ও দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে প্রভাবিত করে অর্থ হাতিয়ে নিতে দেলোয়ার ‘ভিশন ইনস্পেকশন লিমিটেড’ (ভিশন সার্ভে) নামের একটি প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটিতে দেলোয়ারের সরাসরি পারিবারিক মালিকানা রয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন বীমা কোম্পানিকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করাতে তিনি অঘোষিত প্রশাসনিক চাপ প্রয়োগ করেন বলে খবরে উল্লেখ করা হয়।