জাল মানি রিসিপ্টে বীমা, ঝুঁকিতে গ্রাহক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : নন-লাইফ বীমায় জাল বা ডিজিটালি পরিবর্তিত মানি রিসিপ্ট ব্যবহারের অভিযোগ উঠেছে। এর মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নেওয়া প্রিমিয়ামের অর্থ কোম্পানির হিসাবে না দেখিয়ে আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ঝুঁকিতে পড়তে পারে গ্রাহকের বীমা দাবি। সম্প্রতি দুটি বীমা প্রতিষ্ঠানের মানি রিসিপ্ট পর্যালোচনায় এমন অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম ইন্স্যুরেন্স নিউজ। এর মধ্যে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের একটি রিসিপ্টে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর নির্ধারিত কিউআর কোড নেই। আর অগ্রণী ইন্স্যুরেন্সের একটি রিসিপ্টে কিউআর কোড থাকলেও সেটি স্ক্যান করলে আইডিআরএর তথ্যভান্ডারে না গিয়ে ‘জায়ান্ট কিউআর কোড জেনারেটর’ দেখাচ্ছে। সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের এলিট শাখা থেকে ২০২৩ সালের ৪ ডিসেম্বর ইস্যু করা রিসিপ্টটির নম্বর ৩৭০৮। এতে প্রিমিয়াম দেখানো হয়েছে ৫ লাখ ৭০ হাজার ১৬ টাকা। রিসিপ্টে ‘অরিজিনাল’ সিলও রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী বলেছেন, রিসিপ্টটি ভুয়া নয় এবং প্রিমিয়ামের অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা হয়েছে। তাঁর দাবি, পুরোনো কিছু ছাপানো রিসিপ্ট কারও কাছে থেকে গিয়ে থাকতে পারে। অগ্রণী ইন্স্যুরেন্সের চট্টগ্রামের জুবিলি রোড শাখার একটি রিসিপ্ট ইস্যু করা হয় ২৭ আগস্ট ২০২৬। এতে মপল অটোমোবাইলসের নামে ৪৫ হাজার ৯৬ টাকা প্রিমিয়াম দেখানো হয়েছে। রিসিপ্টে কিউআর কোড থাকলেও তা আইডিআরএর সিস্টেমে যাচাই করা যাচ্ছে না। অগ্রণী ইন্স্যুরেন্সের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) চিন্ময় চক্রবর্তী বলেন, প্রতিষ্ঠানটি কখনো জাল রিসিপ্ট দেয় না। তাঁর দাবি, কিছু বীমাকর্মী ও ব্যাংক কর্মকর্তার যোগসাজশে এ ধরনের রিসিপ্ট তৈরি হওয়ার অভিযোগ তাঁরা আগেও পেয়েছেন। ২০২৫ সালে এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের জালিয়াতির মাধ্যমে পলিসির প্রিমিয়াম কম দেখানো বা ‘আন্ডার-রেটিং’ করা হতে পারে। এতে একদিকে গ্রাহক ভবিষ্যতে দাবি আদায়ে সমস্যায় পড়তে পারেন, অন্যদিকে সরকার হারাতে পারে ভ্যাট ও স্ট্যাম্প শুল্ক। আইডিআরএর মুখপাত্র সাদিক আরমান বলেন, জাল মানি রিসিপ্টের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলিসি কেনার পর আইডিআরএর পোর্টালে তা যাচাই করতে গ্রাহকদের সচেতন করা হবে। News PhotoCard SHARES অভিযোগ বিষয়: