বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য মানুষের পাশাপাশি প্রকৃতি, গাছপালা ও পশুপাখির প্রতিও সদয় হওয়ার জন্য শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিশু-কিশোরদের উদ্দেশে তারেক রহমান বলেন, মানুষের প্রতি শুধু মানুষই দয়া করবে—এমন নয়। প্রকৃতির প্রতিও মানুষকে সদয় হতে হবে। প্রকৃতির সৃষ্ট সবকিছুর প্রতি দয়া দেখাতে হবে। তিনি বলেন, ‘তোমরা যখন বড় হবে, তোমাদের আশপাশের প্রকৃতির যত্ন নেবে। তোমাদের বাড়ি, স্কুল বা পছন্দের জায়গার আশপাশে কোনো গাছ থাকলে সেটিকে বড় হতে সাহায্য করবে। গাছে পানি দেবে, যত্ন নেবে।’ পশুপাখিকেও দেশের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আশপাশে থাকা পশুপাখির প্রতিও যত্নশীল হতে হবে। তাদের সময় দিতে হবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের মধ্যে প্রকৃতি ও পশুপাখির প্রতি সদয় হওয়ার বোধ তৈরি করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তারেক রহমান বলেন, ‘আমরা যদি প্রকৃতির প্রতি সদয় হই, অবশ্যই প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে।’ প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে হলে প্রকৃতিকেও সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। দেশের অধিকাংশ মানুষ এ বিষয়ে অসচেতন। ব্যবহারের পর বিভিন্ন জিনিস যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়। তিনি শিশুদের উদ্দেশে বলেন, কোনো বড় মানুষ যদি রাস্তায় ময়লা বা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করেন, তাহলে ছোট হিসেবে তাকে সঠিক জায়গায় ময়লা ফেলার কথা বলতে পারে শিশুরা। কারণ পরিবেশ নষ্ট হলে আজকের শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি ঘর তখনই মজবুত থাকে, যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। পরিবারের প্রতিটি শিশু সেই পরিবারের একটি খুঁটি। শিশুরা সুন্দর ও সঠিকভাবে বেড়ে উঠতে পারলে পরিবারের ভিত্তি দৃঢ় হবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বলেন, দেশের সব শিশুকে সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারলে বাংলাদেশও শক্তিশালী হবে। আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES জাতীয় বিষয়: