এসিআই ৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই নতুন একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠন এবং বিদ্যমান আরেকটি যৌথ উদ্যোগে অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দুই উদ্যোগে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। এর মধ্যে নতুন কোম্পানিতে ৯ কোটি টাকা এবং বিদ্যমান কোম্পানিতে ৬০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এসিআই জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি টাকা। নতুন কোম্পানিতে এসিআই ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। ফলে ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এসিআইয়ের বিনিয়োগ হবে ৯ কোটি টাকা। তবে কোম্পানি গঠন ও এই বিনিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। অন্যদিকে, একই সভায় এসিআইয়ের বিদ্যমান যৌথ উদ্যোগ ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। এই বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে করা হবে। সব মিলিয়ে নতুন যৌথ উদ্যোগ গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগে অতিরিক্ত বিনিয়োগে এসিআইয়ের মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। নতুন কোম্পানিতে এসিআইয়ের ৬০ শতাংশ মালিকানা থাকায় ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে কোম্পানিটির অংশ হবে ৯ কোটি টাকা। বাকি ৪০ শতাংশ শেয়ার থাকবে যৌথ উদ্যোগের অংশীদারদের হাতে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: