বীমা খাতের সংস্কার ও আস্থা ফেরাতে নীতিনির্ধারণী গোলটেবিল প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ দেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার লক্ষ্যে নীতিগত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক নীতিনির্ধারণী গোলটেবিল আলোচনা। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে ‘Towards a Stronger and Sustainable Insurance Industry: The Way Forward’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহিদুল জাহিদ)। আলোচনায় দেশের বীমা খাতের বিদ্যমান বাস্তবতা, কাঠামোগত সীমাবদ্ধতা, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে বীমা খাতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিয়ন্ত্রক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের বীমা শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রথমেই সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা ও আস্থা তৈরি করতে হবে। এ জন্য বীমা দাবির অর্থ যথাসময়ে পরিশোধ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বীমা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁরা আরও মনে করেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই বীমা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; বরং সেসব নীতিমালার যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং বীমা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। গোলটেবিল আলোচনায় শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বীমা খাতের পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মতে, বীমা শিল্পের টেকসই বিকাশে আইডিআরএ, বীমা কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন। আলোচনায় উঠে আসা মতামত ও সুপারিশগুলো দেশের বীমা খাতের বিদ্যমান সমস্যা নিরসন, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: