তিন মাসে ৯৯ শতাংশ বীমা দাবি নিষ্পত্তি করেছে জেনিথ ইসলামী লাইফ প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রাহকদের উত্থাপিত বীমা দাবির প্রায় ৯৯ শতাংশ নিষ্পত্তি করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৩ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে জমা দেওয়া কোম্পানিটির ২০২৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে জেনিথ ইসলামী লাইফের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৮ কোটি ৩৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৭১ লাখ টাকা এবং বিনিয়োগ থেকে আয় হয়েছে ৯৪ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কাছে মোট ৪ কোটি ৯৪ লাখ টাকার বীমা দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ৪ কোটি ৮৭ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়েছে। ফলে প্রান্তিক শেষে অনিষ্পন্ন দাবির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৮ লাখ টাকা। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ শেষে জেনিথ ইসলামী লাইফের লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ৭৪ লাখ টাকায়। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ৬ কোটি ৩৯ লাখ টাকা। এই ব্যয়ের মধ্যেও কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা বৃদ্ধি এবং বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক তথ্য অনুযায়ী, উচ্চহারে দাবি নিষ্পত্তি, লাইফ ফান্ডের ইতিবাচক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ আয় অব্যাহত থাকায় বছরের শুরুতেই স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। SHARES অর্থ নিউজ বিষয়: